
নিজস্ব প্রতিবেদক, কুমারখালী (কুষ্টিয়া):
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জিলাপি তলা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ভ্যান ও বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে ঘটা এই দুর্ঘটনায় বাসের কোনো যাত্রী হতাহত হননি, তবে চালক সামান্য আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসটি ওই এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে এটি রাস্তার পাশে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেয় এবং এরপর একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে আঘাত লেগে থেমে যায়। বৈদ্যুতিক খুঁটিতে আটকে যাওয়ার কারণে বাসটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এবং ভেতরে থাকা যাত্রীরা সুরক্ষিত থাকেন।
দুর্ঘটনার পর বাসে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, দুর্ঘটনা কবলিত বাস ও ভ্যানটি জিলাপিতলা বাজারের উপরেই পড়ে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয়রা সহযোগিতা করছেন।