নিজস্ব প্রতিবেদক | কুমারখালী (কুষ্টিয়া)
কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভবনে প্লাস্টারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ শেখ (৩৫) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় ওমর আলী নামের অপর এক নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সুলতানপুর গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাররফ শেখ কুমারখালী উপজেলার নন্দলালপুর গ্রামের আফসার শেখের ছেলে। আহত শ্রমিক ওমর আলী একই উপজেলার এলঙ্গী গ্রামের বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সুলতানপুর গ্রামের মাসুদ রানার বাড়িতে ভবনের প্লাস্টারের কাজ করছিলেন মোশাররফ ও ওমর আলী। কাজ চলাকালে অসাবধানতাবশত তাঁরা বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই মোশাররফ শেখ প্রাণ হারান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ওমর আলীকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।
ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে এবং অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।