
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। রবিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা জমা দিতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ নির্ধারণ করেন।
আদালত ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে দুপুর ২টা ২০ মিনিটের দিকে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলির শিকার হন শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। পরে হাদির মৃত্যুর পর গত ২০ ডিসেম্বর তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজনের নির্দেশ দেন আদালত।

এর আগে, গত ৬ জানুয়ারি এই মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ। ডিবির দেওয়া ওই অভিযোগপত্রে ১১ জনকে কারাবন্দি এবং ৬ জনকে পলাতক দেখানো হয়।
তবে ডিবির দেওয়া ওই তদন্ত প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন দাখিল করেন মামলার বাদী। আদালত বাদীর সেই আবেদন গ্রহণ করে মামলার প্রকৃত রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। বর্তমানে মামলাটির তদন্তভার সিআইডির হাতেই রয়েছে।