সাকী মাহবুব: রাজবাড়ী জেলা প্রতিনিধি
মানুষের মৌলিক চাহিদা পূরণ ও সুপেয় পানির সংকট নিরসনে রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্রা ইউনিয়নে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাট্রা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অলি আহমেদের উদ্যোগে এ টিউবওয়েল বিতরণ করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় পাট্রা ইউনিয়নের গোলাবাড়ি বনগ্রাম এলাকায় স্থানীয় বাসিন্দা বিপুল মৃধার হাতে টিউবওয়েলটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাট্রা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শরিফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে স্থানীয়দের কল্যাণ ও সুপেয় পানির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বক্তারা বলেন, মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানে সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসা প্রয়োজন। জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত সকলের অঙ্গীকার।
উপকারভোগী বিপুল মৃধা টিউবওয়েল পেয়ে আনন্দ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়রাও এ উদ্যোগকে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম হিসেবে অভিহিত করে সন্তোষ প্রকাশ করেন।স্থানীয়দের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।