
ডেস্ক রিপোর্ট | আবহাওয়া
নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ শুরু হতে পারে। ডিসেম্বরের শেষভাগ থেকে এই শীতের তীব্রতা ক্রমান্বয়ে বাড়বে, যা জানুয়ারি মাসজুড়ে সর্বোচ্চ পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত এই শীতের অনুভূতি থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন ও গতিপ্রকৃতি বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। তীব্র শীতের ওই সময়ে রাজধানী ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, “নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের অধিকাংশ এলাকায় শীত অনুভূত হলেও উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের আগমন ঘটতে পারে। ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে এবং জানুয়ারিতে শীতের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে।” ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দেশের দিনের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে বলে জানান এই আবহাওয়াবিদ।
এদিকে, দেশের উত্তরের জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁওসহ বেশ কয়েকটি অঞ্চলে এরই মধ্যে শীতের হালকা আমেজ অনুভূত হতে শুরু করেছে। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশের সর্বউত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজ বুধবার (১৪ অক্টোবর) সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এর বিপরীতে গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকায় উত্তর দিক থেকে বাতাস বইতে শুরু করলেও অতিরিক্ত ঘনবসতি ও নগরায়ণের কারণে শীতের আমেজ পুরোপুরি বুঝতে নগরবাসীকে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।