
নিজস্ব প্রতিবেদক
দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। শনিবার (৫ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের মধ্যপ্রদেশ ও এর কাছাকাছি এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলে গেছে। এই মৌসুমি বায়ুর অক্ষটি রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় বিরাজ করছে।
পূর্বাভাস অনুযায়ী, রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার ও মঙ্গলবারও দেশের প্রায় সব বিভাগেই এই বৃষ্টির ধারা অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দুই দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।