
নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মাশলিয়া জামে মসজিদে পবিত্র জুমার খুতবা প্রদান করেছেন ৭৮ কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মো. আফজাল হোসেন। শুক্রবার পবিত্র জুমার নামাজের পূর্বে তিনি এই খুতবা প্রদান করেন।
খুতবা প্রদানকালে তিনি একজন প্রকৃত ইমানদার ব্যক্তির গুণাবলি, নৈতিক চরিত্র গঠন এবং ইসলামের শিক্ষায় জীবন পরিচালনার গুরুত্ব বিস্তারিতভাবে মুসল্লিদের সামনে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ইসলামের সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ধারণের মাধ্যমেই একটি আদর্শ জীবন ও সমাজ গঠন সম্ভব।

ধর্মীয় আলোচনার পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, মাদক যুবসমাজ ও পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মিলিতভাবে কার্যকরী ভূমিকা রাখতে হবে।
পরিশেষে তিনি ইসলামের শিক্ষা ও নৈতিক মূল্যবোধকে পাথেয় করে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। এ সময় এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি মসজিদে উপস্থিত ছিলেন।