
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসের সঙ্গে মিল রেখে কুষ্টিয়ার কুমারখালীতে শুরু হয়েছে কাঙ্ক্ষিত বৃষ্টিপাত। এতে গত কয়েক দিনের ভ্যাপসা গরম কেটে গিয়ে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
রোববার সকাল থেকেই কুমারখালীর আকাশ মেঘলা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় দমকা হাওয়াসহ বৃষ্টি। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি আবার কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে দেখা গেছে। হঠাৎ বৃষ্টি নামায় পথচারী ও খেটে খাওয়া মানুষদের সাময়িক ভোগান্তিতে পড়তে হলেও টানা গরমের পর এই বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে সাধারণ মানুষের মাঝে। বিশেষ করে কৃষকদের জন্য এই বৃষ্টি ফসলের মাঠে সুসংবাদ বয়ে এনেছে।
স্থানীয়রা জানান, কয়েক দিনের তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ার পর এই বৃষ্টিতে পরিবেশ কিছুটা ঠান্ডা হয়েছে। তবে বৃষ্টির কারণে শহরের কিছু নিচু রাস্তায় পানি জমে যাওয়ায় এবং কাদার কারণে চলাচলে কিছুটা বেগ পেতে হচ্ছে।
উল্লেখ্য, গতকালই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সেই পূর্বাভাসের ধারাবাহিকতায় কুমারখালীসহ আশপাশের এলাকায় এই বৃষ্টিপাত শুরু হলো। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির এই ধারা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।