
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে এসএসসি ও দাখিল ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী শিলাইদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার বিকেলে শিলাইদহ ইউনিয়ন কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিলাইদহ ইউনিয়ন শাখার সাবেক আমির মাওলানা আনিসুর রহমান শহীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি সুমন হাসান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ আব্দুল আল মামুন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শিলাইদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সভাপতি এইচ. এম. ইয়াকুব আলী জীবনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিলাইদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শাখা।