
ডেস্ক রিপোর্টঃ
ভারতের পেসার জাসপ্রিত বুমরাহর অসাধারণ বোলিং নিয়ে ক্রিকেটবিশ্বে চলছে ব্যাপক আলোচনা। সেমিফাইনালে তার দুর্দান্ত পারফরম্যান্সই ভারতকে এনে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টিকিট।
রোববার আহমেদাবাদে শিরোপা নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তবে তার আগে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াইয়ে পড়তে হয়েছিল স্বাগতিকদের।
২৫৩ রানের বড় সংগ্রহ গড়েও ম্যাচের এক পর্যায়ে চাপে পড়ে যায় ভারত। শেষ ৩০ বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৬৯ রান। এমন পরিস্থিতিতে বল হাতে জাদু দেখান জাসপ্রিত বুমরাহ।
প্রথম দুই ওভারে ১৯ রান দিলেও পরে ঘুরে দাঁড়ান এই ডানহাতি পেসার। ১৬তম ওভারে মাত্র ৮ এবং ১৮তম ওভারে ৬ রান দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আবার ভারতের হাতে ফিরিয়ে আনেন তিনি।
এই পারফরম্যান্সের পর বুমরাহকে নিয়ে প্রশংসার জোয়ার বইছে ক্রিকেট অঙ্গনে। ফাইনালের আগে তাকে নিয়ে কিছুটা সতর্ক প্রতিপক্ষ নিউজিল্যান্ডও।
কিউই ব্যাটার গ্লেন ফিলিপস বলেন, “বুমরাহ নিঃসন্দেহে বিশ্বমানের বোলার। তবে তিনিও মানুষ, তারও খারাপ দিন আসতে পারে। যদি সে ভুল করে, আমরা সেই সুযোগটা কাজে লাগাতে চাই।”
অন্যদিকে সাবেক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস বুমরাহকে তুলনা করেছেন ‘আলাদিনের জাদুর দৈত্যের’ সঙ্গে। তার মতে, যে কোনো অধিনায়কের জন্য এমন একজন বোলার দলে থাকা বড় সম্পদ।
ডু প্লেসিস বলেন, “বুমরাহকে দলে পাওয়া মানে যেন আলাদিনের চেরাগ পাওয়া। কঠিন মুহূর্তে বল হাতে সে ঠিকই দলকে ম্যাচে ফিরিয়ে আনে।”
তিনি আরও বলেন, “ভারত হয়তো বুঝতে পারে না তারা কতটা ভাগ্যবান যে বুমরাহ তাদের দলে আছে। যে কোনো ফরম্যাটেই তাকে বল দিলেই সে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।”