
ডেস্ক রিপোর্ট (ছাতক,সুনামগঞ্জ)
সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাঈদুর রহমান সায়েম নামের সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে সিয়াম আহমেদ রাউল (১০) নামের আরেক শিশু গুরুতর আহত হয়। আহত সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোগলপাড়া এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সায়েম নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মো. সুজন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন মিয়া দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ছাতক পৌরসভার মোগলপাড়া এলাকার আঙুরি মিয়ার বাসায় ভাড়া থাকতেন। রোববার সকালে তাঁর স্ত্রী লিপি বেগম অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার সময় সুজন মিয়া তাঁর দুই ছেলে সিয়াম ও সায়েমকে বাসায় রেখে যান।
সকাল ৮টার দিকে বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটে। এতে দুই ভাই গুরুতর আহত হলে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাঈদুর রহমান সায়েমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে বড় ভাই সিয়ামের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিলেটে স্থানান্তর করা হয়।
ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।