1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি পেরিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে ১৫ জাহাজ

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য সঙ্ঘাত শুরুর আগেই হরমুজ প্রণালি অতিক্রম করে প্রায় আড়াই লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও অন্যান্য জ্বালানি পণ্যবাহী ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এসব জাহাজে এলএনজি, এলপিজি, বিভিন্ন ধরনের জ্বালানি তেল এবং শিল্পকারখানার জন্য প্রয়োজনীয় কাঁচামাল রয়েছে।

শনিবার (৭ মার্চ) চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বন্দর সূত্র জানায়, জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। ওই সময় অঞ্চলজুড়ে সামরিক উত্তেজনা বাড়লেও সঙ্ঘাত শুরু হওয়ার আগেই তারা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়। বর্তমানে জাহাজগুলো পর্যায়ক্রমে চট্টগ্রাম বন্দরে নোঙর করছে এবং পণ্য খালাসের কার্যক্রম চলছে।

জানা গেছে, আগত জাহাজগুলোর মধ্যে অন্তত চারটিতে মোট প্রায় ২ লাখ ৪৭ হাজার টন এলএনজি রয়েছে। এসব এলএনজি মূলত কাতারের রাস লাফান বন্দর থেকে আনা হয়েছে। দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানায় গ্যাসের চাহিদা পূরণে এই এলএনজি ব্যবহার করা হবে।

এছাড়া একটি জাহাজে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আনা হয়েছে, যা গৃহস্থালি সিলিন্ডার গ্যাস, হোটেল-রেস্তোরাঁ এবং ক্ষুদ্র শিল্পকারখানায় ব্যবহৃত হবে। পাশাপাশি কয়েকটি জাহাজে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েল, শিল্পখাতে ব্যবহৃত ডিজেলসহ বিভিন্ন পেট্রোলিয়াম পণ্যও রয়েছে।

অন্যদিকে কিছু কার্গো জাহাজে শিল্পখাতে ব্যবহারের জন্য রাসায়নিক পদার্থ, পেট্রোকেমিক্যাল উপকরণ এবং প্লাস্টিক শিল্পের কাঁচামাল আনা হয়েছে, যা দেশের উৎপাদনমুখী বিভিন্ন শিল্পে ব্যবহার করা হবে।

বন্দর কর্মকর্তারা জানান, হরমুজ প্রণালি বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে প্রভাব পড়তে পারে। তাই সম্ভাব্য সঙ্ঘাতের আগেই জাহাজগুলো নিরাপদে বাংলাদেশে পৌঁছানোকে স্বস্তিদায়ক হিসেবে দেখা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করে ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এসব জাহাজে এলএনজি, জ্বালানি তেল এবং বিভিন্ন শিল্প কাঁচামাল রয়েছে। বন্দরে জাহাজ ভেড়ানো, পণ্য খালাস এবং সরবরাহ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ও ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, আগত জাহাজগুলোর মধ্যে ‘লুসাইল’ ও ‘আল গালায়েল’ নামের এলএনজি ট্যাংকার রয়েছে। এছাড়া কয়েকটি কার্গো জাহাজে প্লাস্টিক ও পেট্রোকেমিক্যাল শিল্পের কাঁচামাল এবং গার্মেন্টস, রাসায়নিকসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত উপকরণ এসেছে।

এ বিষয়ে এলএনজি জাহাজগুলোর স্থানীয় প্রতিনিধি প্রতিষ্ঠান ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপ-মহাব্যবস্থাপক মো. নুরুল আলম বলেন, চারটি এলএনজি জাহাজের চট্টগ্রাম বন্দরে পৌঁছানো প্রায় নিশ্চিত। তবে ‘লিবারেল’ নামের আরেকটি এলএনজিবাহী জাহাজ এখনো হরমুজ প্রণালির ভেতরে অবস্থান করছে এবং প্রণালি অতিক্রমের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, পরবর্তী চালান নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্ভাব্য সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ার আগেই জাহাজগুলো হরমুজ প্রণালি পেরিয়ে আরব সাগরে প্রবেশ করতে সক্ষম হয়। ইতোমধ্যে অধিকাংশ জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এবং বাকিগুলোও পর্যায়ক্রমে পৌঁছানোর কথা রয়েছে। ফলে দেশের জ্বালানি ও আমদানি সরবরাহ ব্যবস্থায় স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park